৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ৯ দিনের সরকারি সফরে দেশ ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সফরে তিনি আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার তিনি এই সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরের প্রথম পর্বে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে আয়োজিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। এর পাশাপাশি মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি এবং দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন তিনি।
পরবর্তী ধাপে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠাতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।
সফরকালে উভয় দেশের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।





